২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলের আঘাতে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্রিকেট খেলতে গিয়ে বলের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 01:50 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মো. রবিন (১৬) নামে ওই কিশোর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার মো. শাহ আলমের ছেলে এবং স্থানীয় একটি চা দোকানের কর্মচারী।

বুধবার সকালে ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।

বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞান অবস্থায় রবিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রবিনের চাচা মো. ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চা দোকানের কাজে না গিয়ে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল রবিন। এ সময় তলপেটে বল এসে পড়লে সেটির আঘাতে অজ্ঞান হয়ে যায় রবিন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর পাই।