‘সম্মান’ রেখে মহিউদ্দিনকে কথা বলার পরামর্শ শাজাহান খানের
চট্টগ্রাম বন্দরে দুর্নীতির অর্থের ভাগ মন্ত্রীরাও পায় বলায় এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে নেতা সম্বোধন করে তাকে ‘সম্মান’ রেখে কথা বলার পরামর্শ দিলেন নৌমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দরের উপদেষ্টা কমিটির বৈঠকে তারা দুজনই উপস্থিত ছিলেন, বক্তব্যও রাখেন দুজন।
বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার কাজ সাইফ পাওয়ার টেককে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের।
বৈঠকেও তিনি বন্দরের ১২টি বিষয়ে দুর্নীতি-অনিয়মের লিখিত অভিযোগ তুলে ধরেন।
মন্ত্রীর উদ্দেশে মহিউদ্দিন বলেন, “এসব নিয়ে আগেও কমিটির সভায় নৌমন্ত্রীকে অবহিত করেছি। কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কি না, তা জানি না। তদন্ত করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় আপনার মতামত ও সিদ্ধান্ত কামনা করছি।
“দুদক দুর্নীতির তদন্ত করছে। আমরা (উপদেষ্টা কমিটি) কেন এসব মাথায় নেব? দুর্নীতি আর স্বজনপ্রীতি আছে। বন্দরকে সঠিকভাবে পরিচালিত করতে ও অন্যায় প্রতিহত করতে আবেদন করছি।”
চট্টগ্রামে আওয়ামী লীগের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও এম এ লতিফও বৈঠকে ছিলেন।
সামশুল হক ‘যে কোনো কিছুর বিনিময়ে’ দ্রুত এনসিটি চালুর দাবি জানান। লতিফ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে দুর্নীতিবাজ না বলার আহ্বান জানান।
উপদেষ্টা কমিটির সভাপতি শাজাহান খান বক্তব্যে বলেন, মহিউদ্দিন চৌধুরীর তোলা সব অভিযোগ ‘যৌক্তিক’ নয়।
ফাইল ছবি
“আমার নেতা এমন কিছু কথা বলেছেন, যা দুর্ভাগ্যজনক। তার বক্তব্যে মন্ত্রীদের কথা এসেছে যে তারা না কি দুর্নীতির ভাগ পায়। সবার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত।”
সারাদেশের মতো চট্টগ্রাম বন্দরেও দুর্নীতি কমেছে দাবি করে শাজাহান খান বলেন, কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে মামলা হবে। আইন নিজের মতো ব্যবস্থা নেবে।
মহিউদ্দিনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এর মধ্যে যৌক্তিকগুলো গ্রহণ করা হবে। কিছু ‘অযৌক্তিকও’ আছে।
এনসিটি সচলের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এনসিটি তো সচল আছে। এটা ঠিক টেন্ডার এখনও করতে পারিনি। প্রশ্ন আছে- দেশি না বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা হবে। এজন্য কমিটি করা হয়েছে। কারা করলে দেশ ও বন্দর লাভবান হবে তা কমিটি ঠিক করবে।”
প্রায় ৫৬৬ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে চট্টগ্রাম বন্দরের এনসিটি নির্মাণ করা হয়।
