২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক চাষ বিরোধী জনমত গড়তে মঞ্চ চান সাবের

তামাক চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে এ বিষয়ে সচেতনতা তৈরিতে একটি জাতীয় মঞ্চ গড়ার ওপর জোর দিয়েছেন সাংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

‍

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 09:59 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মার) উদ্যোগে ‘বাংলাদেশে তামাকচাষের আগ্রাসী সম্প্রসারণ: ঝুঁকি ও করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

তামাক চাষে নিরুৎসাহিত করতে রাষ্ট্রীয়ভাবে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

২০১৩ সালে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন হলেও নীতিমালা না হওয়ায় সুযোগ বুঝে তামাক কোম্পানিগুলো সাধারণ কৃষকদের ব্যবহার করে তামাক চাষের বিস্তার ঘটিয়ে চলেছে বলে অভিযোগ তাদের।

দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য  ফজিলাতুন নেসা বাপ্পি, মো. নবী নেওয়াজ, আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)ফেলো ড. এম. আসাদুজ্জামান, তামাকবিরোধী নারী জোটের ফরিদা আকতার, এসএম ফারুক প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) এর বাংলাদেশ প্রতিনিধি তাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মার সহ আহ্বায়ক নাদিরা কিরণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে ২০১৩-১৪ মৌসুমে এক লাখ আট হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যেখানে তার আগের মৌসুমে  ৭০ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয়।

সরকারের দেওয়া কোটি কোটি টাকার ভর্তুকির সার ও সেচ সুবিধা কাজে লাগিয়ে  তামাক কোম্পানিগুলো বছরের পর বছর মুনাফা করছে বলে একাধিক বক্তা অভিযোগ করেন।

দেশের তামাকচাষপ্রবণ এলাকা বান্দরবানের ছেলে একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, দৈনিক যুগান্তরের  মিজান চৌধুরী ও  ভোরের কাগজের  টুটুল রহমান তামাকচাষের ক্ষতিকর নানা দিক আলোচনা করেন।