২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের জরিমানা

অনুমতি ছাড়া পাহাড় কাটায় চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়কে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার অধিপ্তরের ঢাকা কার্যালয়ে পরিচালক মো. আলমগীর শুনানি শেষে জরিমানা করেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

শুনানিতে পরিবেশ দূষণের নানা অভিযোগে সাউদার্ন বিশ্ববিদ্যালয়সহ আটটি প্রতিষ্ঠান ও একব্যক্তিকে মোট এক কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়।

এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কেটে জীববৈচিত্র্যের ক্ষতি, উপরিভাগের মাটি, প্রাকৃতিক ভারসাম্য ও মাটির বন্ধন শক্তি নষ্ট করায় সাউদার্ন ইউনিভার্সিটিকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদ এলাকায় ক্যাম্পাস স্থাপনের জন্য পাহাড় কাটছিল বিশ্ববিদ্যালয়টি।

“সম্প্রতি পরিদর্শক দল এর প্রমাণ পায়। এর ভিত্তিতে শুনানি শেষে জরিমানা করা হলো।”

ছাড়পত্র গ্রহণ না করায় এবং ইটিপি (তরল বর্জ্য পরিশোধনাগার) ছাড়াই অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি ডিএনডি খালে ফেলে পরিবেশ ও জলজ জীবের ক্ষতি করায় নারায়ণগঞ্জ জেলার পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

এর মধ্যে বেনেটেক্স টেক্সটাইল গ্রুপকে ৫৬ লাখ টাকা, ফাইভ স্টার টেক্সটাইল মিলস লিমিটেডকে ৩০ লাখ টাকা, রাইডার থ্রেড অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিকে পাঁচ লাখ টাকা, অ্যাংকর ডাইং অ্যান্ড এক্সেসরিজকে পাঁচ লাখ টাকা ও বোনাফাইড নিটিং মিলস লিমিটেডকে আট লাখ ‍টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য জলাশয়ে ফেলায় গাজীপুরের কেএসি ফ্যাশন্স লিমিটেডকে ২০ লাখ টাকা এবং ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার করায় নরসিংদীর তানিয়া ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেডকে ১৪ ‍লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি পাহাড় কাটার অভিযোগে কক্সবাজার জেলার পেকুয়া এলাকর ইলিয়াস সওদাগরকে নয় লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।