২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের আরও পরোয়ানা

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আরও মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার রংপুর, পাবনা, নেত্রকোণা ও ফেনিতে মামলা হয়েছে।

এরমধ্যে রংপুর ও নেত্রকোণায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর তারেক লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন।

একই অভিযোগে সোমবারও কয়েকটি জেলায় তারেকের বিরুদ্ধে করা মামলায় পরোয়ানার আদেশ হয়।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মুখ্য বিচারিক হাকিম মনসুর আলমের আদালতে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন। 

আদালত মামলাটি আমলে নিয়ে বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রেজাউল হক রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদী অভিযোগে উল্লেখ করেন, আদালত মামলটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বাদী আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, এ ধরনের কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়ে তারেক রহমান শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হেয় প্রতিপন্ন করেননি, বাঙালি জাতিকে খাটো করেছেন।

নেত্রকোণা প্রতিনিধি জানান, নেত্রকোণার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামাল উদ্দিন মানহানির মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আদেশ দিয়েছেন।

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি মামলাটি দায়ের করেন।

মামলার আইনজীবী জীবন সরকার জানান, তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলে দেশের অভ্যন্তরে স্বাধীনতাবিরোধী সন্ত্রাসীদের উস্কানি ও বিশৃংখলা সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনার আমলী আদালত-১ এ তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন জেলা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে কটূক্তি করায় বাদী এই মানহানির মামলা দায়ের করেন।

শুনানি শেষে বিচারক কামরুল হাসান খান মামলাটি আমলে নিয়ে তারেককে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেন।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী গাজী তারেক আজিজ।

অ্যাডভোকেট গাজী তারেক আজিজ জানান, এ মামলায় মঙ্গলবার কোনো আদেশ হয়নি। বুধবার আদেশ দিতে পারেন।