গ্রীষ্মকালীন টমেটো চাষে সফল শার্শার কৃষকরা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য পেয়েছেন যশোরের শার্শার কৃষকরা।
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, প্রতিবছর মে মাস থেকে গ্রীষ্মকালীন টমেটোর চাষ শুরু হয়। তিন মাসের মধ্যে ফসল আসতে থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘শস্য বহুমুখীকরণ প্রকল্পের’ আওতায় ‘বারী হাইব্রিড-৭ বা ‘সামার কিং’ নামে নতুন জাতের এ টমেটো উদ্ভাবন করে। গ্রীষ্মকালেও এ সবজি পাওয়া যাবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে পরীক্ষামূলকভাবে শার্শার খামারপাড়া গ্রামের রবিউল ইসলাম মাত্র চার শতাংশ জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেন।
তার ক্ষেতে ফলন ও চাহিদা দেখে ওই গ্রামের আকবর আলি, শহিদ উদ্দিন, ইউনুস আলি, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল গনি ও ফজলুর রহমানের মতো অনেক কৃষক টমেটো চাষ করেন।
এছাড়া এডিপির সহযোগিতায় ওইসব এলাকায় প্রদর্শনী প্লটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান হীরক সরকার।
আবহাওয়া অনুকূলে থাকলে আগামী গ্রীষ্মে শার্শায় বাইরের টমেটো আমদানি অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন তিনি।
শার্শার খামারপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, চার শতাংশ জমিতে টমেটোর চাষ করতে তার খরচ হয়েছে ৮ হাজার টাকা। টমেটো বিক্রি করে প্রথম দফায় পেয়েছেন ৫০ হাজার টাকা।
এছাড়া ওই জমিতে এখনও ৫০ হাজার টাকার টমেটো রয়েছে বলে জানান তিনি।
