২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লার অভাবে সংকটে পাবনার ইটভাটা

কয়লার সরবরাহ না থাকায় জ্বালানি সমস্যার কারণে পাবনার ইট ভাটাগুলো হুমকির মুখে পড়েছে। এর সঙ্গে জড়িত কয়েকশ শ্রমিক বেকার সময় কাটাচ্ছে।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 07:50 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

জেলায় সমিতিভুক্ত ৮৬টি ভাটার মধ্যে জিগজাগ ভাটা রয়েছে ৩২টি, যেগুলো কয়লা ছাড়া পোড়ানো সম্ভব নয়। বাকি ৫৪টিতে কাঠ দিয়ে পোড়ানো গেলেও ভাটায় কাঠ ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ।

সমিতি সংশ্লিষ্টরা জানান, ভাটায় ব্যবহার উপযোগী কয়লা ভারত থেকে আমদানি করা হয়। কিন্তু গত পাঁচ মাস থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। এদিকে বিকল্প কোনো ব্যবস্থাও করা হয়নি ইটভাটাগুলোর জন্য।  

ভারত থেকে কয়লা আমদানির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

পাবনা ইটভাটা মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৫ মাস ধরে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। পাবনার কোথাও কয়লা পাওয়া যাচ্ছে না। ফলে, ভাটায় তৈরি ইট কয়লার অভাবে পোড়ানো সম্ভব হচ্ছে না।

যে কোনো সময় পাবনাসহ সারাদেশের ইট ভাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আশংঙ্কা করেছেন তিনি।

তিনি আরও জানান, পাবনায় সমিতিভুক্ত ৮৬টি ভাটার মধ্যে জিগজাগ ভাটা রয়েছে ৩২টি। এ ভাটাগুলো কয়লা ছাড়া চলে না। তাই এগুলো এখন বন্ধ রয়েছে।  

সমিতিভুক্ত বাকি ৫৪টি ভাটা কয়লা ছাড়াও চালানো গেলেও পরিবেশ অধিদপ্তরের বিধি-নিষেধের কারণে কাঠ ব্যবহার করা যায় না।

আবুল কাশেম জানান, ভাটা মালিকরা কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে মহা বিপাকে পড়েছেন। ভাটা বিক্রি করে ঋণ পরিশোধ ছাড়া কোনো উপায় নেই।  

বেড়া উপজেলার আল-মদিনা ইটভাটার মালিক শরিফুল হুদা রাজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর কিছুটা ব্যবসা করলেও চলতি বছরে মৌসুমের ৫ মাসেও কয়লার অভাবে ভাটায় ইট পোড়ানো সম্ভব হয়নি। ফলে ব্যাপক লোকসান গুণতে হচ্ছে।

“কীভাবে ব্যাংক ঋণ পরিশোধ করব তাই নিয়ে আমি খুব চিন্তিত,” বলেন তিনি। 

হেমায়েতপুরের মেসার্স এস এন্ড কে ব্রিক্সের মালিক জাহাঙ্গীর আলম খান বলেন, গত বছর প্রতিটন কয়লা বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়। এবার আমদানি না থাকায় পাবনার বাইরে থেকে প্রতি টন ২০ হাজার টাকায় কিনতে হচ্ছে। তারপরও চাহিদা মোতাবেক পাওয়া যাচ্ছে না।

দেশের কোনো কোনো জেলায় কেউ কেউ আগে কেনা কয়লা মজুত করে রেখে এখন বেশি দামে বিক্রি করছে বলে জানান তিনি।

তিনি বলেন, “কয়লা সংকটে আমার তিনটি ভাটা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে ৫শ কর্মচারী। ব্যাংক ঋণ শোধ করতে ভাটা বিক্রি করার সিধান্ত নিয়েছি আমি।”

ইটভাটা শ্রমিক আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাটা বন্ধ থাকায় শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই অন্য পেশায় চলে গেছে। অনেকেই শহরে গিয়ে রিকশা চালাচ্ছে কিংবা দৈনিক মুজরির কাজ করে সংসার চালাচ্ছে।

এ ব্যাপারে পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়লা আমদানি বন্ধের খবরটি তিনি পত্রিকায় দেখেছেন। তবে ইটভাটা মালিকরা তাদের সমস্যার কথা কখনও জানাননি।

তিনি আরও বলেন, আমদানির ব্যাপারটা মন্ত্রণালয়ের। তাই এ ব্যাপারে তিনি কোনো বলতে পারেন না।