মাগুরায় এক ইউপি চেয়ারম্যান পদ শূন্য
সদস্যদের অনাস্থার পর মাগুরা সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, সোমবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করার কথা জানানো হয়।
ওই চিঠিতে অবিলম্বে বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টুর বদলে অগ্রাধিকার ভিত্তিতে পরিষদের নির্বাচিত সদস্যদের কাউকে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।
সম্প্রতি কুছুন্দি ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে অনাস্থা প্রকাশ করেন। পরে তার অপসারণ দাবি করে মন্ত্রণালয়ে এ বিষয়ে অভিযোগ দেন।
