২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় ফুল দেয়া নিয়ে হামলা, আহত ৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকস্তম্ভে বিজয় দিবসের ফুল দেয়া নিয়ে হামলায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 05:22 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনায় আহতদের মধ্যে সেকশন অফিসার রেজাউল ইসলাম লাবু, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নীতিশ চন্দ্র ও কর্মচারী রামচন্দ্র লীলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

এ ঘটনার জন্য উপাচার্য ও শিক্ষক সমিতির পক্ষ থেকে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করা হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান জানান, ধারালো অস্ত্রের আঘাতে তিনজনের শরীরের বিভিন্ন অংশ জখম হলেও গুরুতর নয়।

বেলা দেড়টায় ক্যাম্পাসের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ হামলার জন্য শিক্ষক সমিতিকে দায়ী করেছেন উপাচার্য একেএম নূর উন নবী।

উপাচার্য জানান, স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তিনি মাইকে বক্তব্য দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে শিক্ষক সমিতির নেতারা দলবল নিয়ে হামলা চালান। এ হামলার পর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার ঘটনায় মামলা করবেন কিনা প্রশ্ন করা হলে উপাচার্য সাংবাদিকদের বলেন, “বিজয় দিবসের দিনে মামলা করতে চাই না। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছি।”

এদিকে অভিযোগ অস্বীকার করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেন, “আমরা আন্দোলকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বেলা ১২টায় ক্যাম্পাসে বিজয় র‌্যালি করে সাড়ে ১২টায় স্বাধীনতা স্মারকস্তম্ভে ফুল দিতে যাই। শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দেওয়ার পরপরই আমাদের উপর হামলা চালানো হয়।”   

উপাচার্যপন্থী কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতরা এ হামলা চালিয়েছে বলে দাবি করে শিক্ষক সমিতির এই নেতা বলেন, গত ৮ ডিসেম্বর কেন্দ্রীয় লাইব্রেরিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনাকারী দুই কর্মকর্তাকে যারা পিটিয়েছেন তারাই এ হামলার নেতৃত্ব দেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হালকা লাঠিচার্জ করা হয়েছে।

হামলার সময় ঢিলের আঘাতে তিনিও হাতে আঘাত পেয়েছেন বলে জানান।   

পদোন্নতি পাওয়া শিক্ষকদের সুবিধা প্রদান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে ২৭ অক্টোবর থেকে আন্দোলন করছে শিক্ষক সমিতি। তারা ৪ ডিসেম্বর প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়ায় প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

নানা দাবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরাও একাত্মতা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ৮ ডিসেম্বর দুই কর্মকর্তাকে পেটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পরদিন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা।