হবিগঞ্জে দুর্ঘটনায় ছয় জন নিহত
হবিগঞ্জের সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কুয়াশার মধ্যে বড় ধরনের দুর্ঘটনায় মা-মেয়েসহ ছয় অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুতাং ব্রিজের কাছে ওই দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- বানিয়চংয়ের হারিস মিয়ার স্ত্রী নউবল বিবি (৫০) ও তার মেয়ে আম্বিয়া খাতুন (৩০), শ্রীমঙ্গলের মিথিরিঙ্গা চা বাগানের দর্জি ইউসুফ মিয়া ওরফে বাবর (৪০), মৌলভিবাজারের পাহাড়রশিজুরার আহমদুল হক (৫০), মৌলভিবাজারের পূর্ব সুলতানপুরের মজিবুর রহমান (৫৫) ও হবিগঞ্জের ওসমানপুর চুনারুঘাট এলাকার মকসুদ মিয়া (৬০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি এজাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কুয়াশার মধ্যে একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
“পরে একটি হিউম্যান হলার ও ট্রাক্টর অটোরিকশার ওপর এসে পড়লে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।”
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত ১৪ জনকে হবিগঞ্জ সদর ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চারজন।
এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। ফলে সেখানে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে হাইওয়ে থানা পুলিশ জানায়।
