২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশে ফিরছেন কান্দাপাড়ার যৌনকর্মীরা

হাই কোর্টের আদেশের পর টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লীর নারীরা পুনরায় ওই স্থানে ফিরতে শুরু করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 09:55 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

সোমবার সন্ধ্যায় শতাধিক নারী সেখানে অবস্থান নেন।  

যৌনকর্মীদের সংগঠন ‘নারী মুক্তি সংঘের’ সভানেত্রী আঁখি বেগম জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফওজিয়া করিম ফিরোজা যৌনকর্মীদের পক্ষে হাই কোর্টে গত ৯ ডিসেম্বর একটি রিট পিটিশন করেন।

বিচারপতি কাজী রেজা উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে করা এ রিটের প্রেক্ষিতে সচিবসহ সাত জনকে নির্দেশনা দেওয়া হয়।  

ওই নির্দেশনায় তাদেরকে পতিতাপল্লী উচ্ছেদ করা থেকে বিরত থাকতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।

যাদেরকে নির্দেশ দেওয়া হয় তারা হলেন স্বরাস্ট্র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, টাঙ্গাইল পৌরসভা পতিতা পল্লী উচ্ছেদ কমিটির চেয়ারম্যান ও আহবায়ক, ও টাঙ্গাইল জেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মাওলানা আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক আলহাজ মওলানা আবদুল জলিল।

এ ব্যাপারে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী যৌনকর্মীরা কান্দাপাড়ায় অবস্থান করতে পারবেন।