২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা ব্যাংকের টাকা চুরি: ৩ জন রিমান্ডে

জনতা ব্যাংক লিমিটেডের গাজীপুর কর্পোরেট শাখার টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এছাড়া এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোলাইমান বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় মার্কেটের পুরাতন কাপড় ব্যবসায়ী জাকির হোসেনসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার রাতে জনতা ব্যাংকের এই শাখা থেকে ৬০ লাখ ৭৮ হাজার ৪০৬ টাকা চুরি হয়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, আটক ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরী নুরুল ইসলাম ও মহিউদ্দিন এবং তানভীর প্লাজার ম্যানেজার নিত্য নন্দন সাহাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেছে।   

এছাড়া প্রহরী নুরুল ইসলামের বাড়ি গাজীপুর শহরের কাউলতিয়া থেকে তার স্ত্রী আজিরন, দুই ছেলে তৈবুর রহমান ও লুৎফর রহমান এবং মেয়ে রোজিনা আক্তারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ, সিআইডি, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান ওসি।

তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষের বেশ কিছু গাফিলতির প্রমাণ পাওয়া গেছে তদন্তে। ওই শাখার স্ট্রং রুমে নিরাপত্তা অ্যালার্ম, সিসি ক্যামেরা ছিল না। জানালার গ্রিলও ছিল হালকা। তাছাড়া ওই শাখায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল।

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত চলছে। জাকির হোসেনসহ জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, শনিবার রাতে পুরাতন কাপড় ব্যবসায়ী জাকির হোসেনসহ আরও কয়েকজন লোক টয়লেট ব্যবহারের কথা বলে প্রহরীকে ব্যাংকের দরজা খুলে দিতে বলে। খোলার পর তারা ভেতরে ঢোকে এবং টয়লেট ব্যবহারের পর ব্যাংকের ভেতর বসে খাওয়াদাওয়া করে।

খাওয়াদাওয়ার এক পর্যায়ে প্রহরী নুরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে জাকির হোসেনসহ অন্যরা রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে ব্যাংকের স্ট্রং রুমের তালা সুকৌশলে খুলে ভল্টে রক্ষিত ওই টাকা চুরি করে নিয়ে যায়।

ঘটনার দুইদিন আগে অফিসের কাজে ঢাকা যাওয়ায় বাদীর (এজিএম মো. সোলাইমান) কাছে থাকা ভল্টের চাবি অপর কর্মকর্তা খুরিশদ আলমের কাছে দিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।

পুরনো খবর:

জনতা ব্যাংকের ৬০ লাখ টাকা চুরি, আটক ৪