২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পরিবহন শ্রমিক খুন

ঢাকার সাভারে এক পরিবহন শ্রমিককে খুন করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

রোববার রাতে সাভারের কলমা এলাকার ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মাহাবুব আলম বাপ্পী (১৯) বরিশাল সদরের বিশারদ এলাকার আনছার আলীর ছেলে। সপরিবারে সাভারে দিলখুশবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং আনন্দ সুপার পরিবহনের কন্ডাক্টর ছিলেন তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভগ্নিপতি মো. লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে বাপ্পী বাসা থেকে কাজে বেরিয়ে যান। রাতে তারা খবর পান কলমা এলাকার ঢালে তাকে মাথায় ইট দিয়ে আঘাত করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাপ্পীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সোমবার সকালে মর্গে পাঠানো হয়েছে।

তবে হত্যার কারণ জানাতে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।