সেতুর পাটাতন ভেঙে বন্ধ লালমনিরহাট-বুড়িমারী সড়ক
লালমনিরহাটের আদিতমারীতে স্বর্ণামতি সেতুর দুই পাটাতন ভেঙে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জরুরি কিছু যানবাহন বিকল্প সড়ক হয়ে চলাচল করলেও বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না।
লালমনিরহাট সড়ক ও জনপদ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণামতি সেতুর দুটি পাটাতন ভেঙে পড়ে।
"ঝুঁকিপূর্ণ এই সেতুতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিয়মিত অতিরিক্ত পণ্য বোঝাই ভারী যানবাহন চলাচলের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতে অতিরিক্ত পণ্য বোঝাই বেশ কয়েকটি ট্রাক সেতু পার হওয়ার সময় দুটি পাটাতন ভেঙে পড়ে।"
লালমনিরহাট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, পাটাতন ভেঙে পড়ার পর সকাল থেকে সেতুর মেরামতে কাজ শুরু হয়েছে।
বিকালের মধ্যে সেতু দিয়ে যানবাহন চলাচল আবার শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আদিতমারী থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী এবং বিপরীত পথের বাসগুলো সীমিত আকারে চাপারহাট ও আদিতমারীর ভেলাবাড়ি বিকল্প সড়ক হয়ে চলাচল করছে।
সওজ কর্মকর্তারা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারীর স্বর্ণামতিতে সতী নদীর উপর গত শতকের ৬০ এর দশকে নির্মিত হয় স্বর্ণামতি সেতু। এটি বুড়িমারী স্থলবন্দরের পণ্য এবং পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ- এই চার উপজেলার মানুষের জন্য জেলা সদরসহ সারাদেশের সঙ্গে যোগাযোগের সড়কপথ।
প্রায় ১০ বছর আগে সেতুর উপরের অংশে ফাটল দেখা দিলে ইস্পাতের পাটাতন বসানো হয়।
স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী যানবাহন লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ হয়ে চলাচল করত। ২৫ নভেম্বর থেকে কর্তৃপক্ষ ব্যারেজ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করায় স্বর্ণামতি সেতুতে ভারি যানবাহনের চাপ বেড়ে যায়। এ পথ দিয়েই বুড়িমারী স্থলবন্দর ও পাটগ্রাম থেকে পাথরসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী ভারি যানবাহন লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত শুরু করে।
গুরুত্বপূর্ণ এই সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপদ বিভাগ সেতুর দুই পাশে “সাবধান ঝুঁকিপূর্ণ সেতু” লেখা সাইবোর্ড লাগিয়েই দায় সারে। সাইনবোর্ডে পাঁচ টনের বেশি ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে এ নির্দেশনা কেউ মানেনি বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের দাবি, যতদিন নতুন সেতু নির্মাণ না হচ্ছে, ততদিন সেতুর দুই পাশে চেকপোস্ট বসিয়ে পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হোক।
