বিনম্র শ্রদ্ধায় ঢাবিতে বুদ্ধিজীবী দিবস পালন
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালন’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো তিনদিনব্যাপী বিজয় দিবসের নানা কর্মসূচিও পালন শুরু করেছে।
শনিবার রাত ১১ টা ৫৯ মিনিটে ফজলুল হক হলে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
রোববার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, জগন্নাথ হল প্রাঙ্গণে স্মৃতিসৌধসহ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বিভিন্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এদেশের সকল আন্দোলন সংগ্রামের ইতিহাসের সমান্তরাল।”
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
দিনটি পালনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
এছাড়া উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়েল প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।
বিকালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন দেশিয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোকচিত্র নিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক এই প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। উপাচার্য প্রদর্শনী উদ্বোধন করেন।
এসময় সমিতির সভাপতি মাসুম বিল্লাহ্ সভাপতিত্বে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবীব, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত প্রমুখ।
এছাড়া সকাল ১১টার দিকে অপরাজেয় বাংলায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে টিএসসির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ আয়োজন করে ‘বিজয়ের চেতনায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে পরিচ্ছন্নতা অভিযান’।
বেলা ২টার দিকে স্লোগান’৭১ টিএসসিতে ‘আমার ভালবাসার পতাকা’ শীর্ষক একটি বড় পতাকা টাঙায় ও রাজাকারের ব্যাঙ্গচিত্রে ‘ডার্ট’ নিক্ষেপের আয়োজন করে।
বিকালে ৪টায় ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড ‘রাজাকার ঘৃণাস্তম্ভ পুন:স্থাপন’ দাবিতে অবস্থান গ্রহণ করেন।
বিকাল ৫টায় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন ‘এখনো বাংলাদেশ’ নামকে স্ট্রিট শো আয়োজন করে।
সন্ধ্যার দিকে শহীদ বুদ্ধিজীবী চত্বর ও অপরাজেয় বাংলা ‘শহীদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে’ চলচ্চিত্র সংসদ।
মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ‘মুক্তিযুদ্ধ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক স্মরণিকা মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আয়োজন করে।
