এরশাদের ‘মানহানি’, হালিম আজাদের বিরুদ্ধে মামলা
এরশাদের মানহানির অভিযোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
সাখাওয়াত জানান, রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে ৭ জানুয়ারি।
গত বৃহস্পতিবার জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের ওই আদালতে মানহানির মামলার আবেদন করেন। ওইদিন শুনানি শেষে আদালত রোববার আদেশ দেওয়ার তারিখ ধার্য রেখেছিলেন।
সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ওই সাংবাদিকদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়ার হুমকির পর এ মামলা করা হলো।
ফাইল ছবি
এর পেক্ষিতে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে এ ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতির একস্থানে উল্লেখ করা হয়- সামরিক স্বৈরাচার এরশাদের হত্যা ও সন্ত্রাসী কাজের বিরুদ্ধে লেখালেখি করায় ১৯৭৬ সালের ১৫ অগাস্ট বাংলার বাণী পত্রিকা অফিস থেকে কবি হালিম আজাদকে সেনাবাহিনী দিয়ে চোখ বেঁধে তুলে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়। বঙ্গভবনে সেনাসদস্যরা তাকে সরাসরি প্রেসিডেন্ট এরশাদের কক্ষে নিয়ে গেলে এরশাদ তাকে নিগৃহীত করেন এবং শাসিয়ে অপমান করেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৯৭৬ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন না এবং ওই সময় বাংলার বাণী পত্রিকাও ছিল না। তাই প্রেস ক্লাবের বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ সর্ম্পকে মিথ্যা তথ্য দিয়ে তার মানহানি করা হয়েছে।
মামলার বাদীর আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, প্রেসক্লাবের দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মানহানি হয়েছে।
মামলায় অ্যাডভোকেট খোকন সাহাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আবদুল মজিদ খোন্দকারসহ আরো বেশ কয়েকজন আইনজীবী।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ বলেন, আসলে সনটি হবে ১৯৮৬। মুদ্রণজনিত ভুলের কারণে ১৯৮৬ এর স্থলে ১৯৭৬ ছাপা হয়েছে। এ বিষয়ে গত বুধবার একটি সংশোধনী গণমাধ্যমে পাঠানো হয়েছে। এরপর এ নিয়ে ভুল বোঝাবুঝির আর কোনো অবকাশ নেই।
মামলা সম্পর্কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদ বলেন, “১৯৮৬ সালের ১৫ অগাস্ট জেনারেল এরশাদ আমাকে বাংলার বাণী অফিস থেকে তুলে নিয়ে নিগৃহীত ও অপমানিত করেছেন, এটা একশভাগ সত্য। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানতে পেরেছি।”
তিনি বলেন, “ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জের সাত খুন এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দাবি করছি বলেই একটি পরিবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে এ মামলা দায়ের করা হয়েছে।”
