২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নকল কীটনাশক, গ্রেপ্তার ১

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর মন্ডলপাড়া গ্রামে একটি নকল কীটনাশক কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 08:41 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রেবাবার দুপুরে ওই গ্রামের সিরাজুল ইসলাম খাজার বাড়ির ওই কারখানা থেকে ‘সিনজেনটা কোম্পানি’র নামে নকল কীটনাশক তৈরির যন্ত্রপাতি ও সরঞ্জাম আটক করা হয়।

ওই সময় সিরাজুলের ছেলে আবু তাহেরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সার ও কীটনাশক ব্যবসায়ী সিরাজুল ইসলাম খাজা দীর্ঘদিন ধরে বাড়িতে ‘সিনজেনটা কোম্পানি’র মোড়কে নকল কীটনাশক ভরে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

কীটনাশক তৈরির যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পোয়ে সিরাজুল পারিয়ে যান। তবে, তার ছেলে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানায় সিরাজুল ইমলাম খাজা ও তার ছেলে আবু তাহেরের নামে মামলা হয়েছে বলে জানান তিনি। 

গ্রেপ্তার আবু তাহেরের বরাত দিয়ে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সিনজেনটা নামের এক প্যাকেট কীটনাশক তৈরি করতে তাদের খরচ পড়ত ২ টাকা। আর কৃষকের কাছে বিক্রি করা হতো ৮০-৯০ টাকায়। 

মাহিয়ারপুর মন্ডলপাড়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন মাষ্টার বলেন, “আমি তিনদিন আগে সিরাজুলের দোকান থেকে ৯০ টাকা করে তিন প্যাকেট সিনজেনটা কীটনাশক কিনে আলু খেতে প্রয়োগ করেছি। উপকার হবে কিনা এখনও জানাতে পারছি না।”  

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা ও ভেজাল কীটনাশক তৈরির অপরাধে মামলা হয়েছে। নমুনা পরীক্ষা করে প্রমাণিত হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।