২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীরের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে মহীউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে  জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পরে সোনামসজিদ চত্বরে তার কবরের সামনে মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।

১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন।

তিনি ১৯৪৫ সালের ৬ মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে মুলাদী মাহবুদজান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন।

ওই বছরই তিনি ক্যাডেট হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে  ১৭৩ মুলতান ইঞ্জিনিয়ারিং বাটালিয়নে কাজ শুরু করেন।

জেলা মুক্তিযোদ্ধা  সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম জানান, ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর ছিলেন ৭নং সেক্টরের মোহদীপুর সাব সেক্টর কমান্ডার। ওই সময় ৭ নং সেক্টরের কমান্ডার ছিলেন লে. কর্নেল কাজী নুরুজ্জামান।

তিনি আরও জানান, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর শিবগঞ্জ ডাক বাংলোয় যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, কর্নেল কাজী নুরুজ্জামান, ক্যাপ্টেন জাহাঙ্গীরসহ অন্যান্য সেনা কর্মকর্তারা এক সভায় মিলিত হন।  

সে সভার পরিকল্পনা অনুযায়ী ১৩ ডিসেম্বর রাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর  তার বাহিনী নিয়ে কয়েকটি নৌকায় করে মহনন্দা নদী পার হয়ে শহরের রেহাইচরে অবস্থান নেন।

মহানন্দা নদীর দক্ষিণ পাশে ছিল পাকিস্তানি সেনাদের ঘাটি। সেখানে ১৪ ডিসেম্বর সন্মুখযুদ্ধে মাথায় গুলিবিদ্ধ হয়ে ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর শহীদ হন।

পরদিন ১৫ ডিসেম্বর সোনামসজিদ চত্বরে মুক্তিযুদ্ধের আরেক বীরযোদ্ধা শহীদ মেজর নাজমুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়।