নরসিংদী চেম্বারের নির্বাচন বন্ধের নির্দেশ
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের উপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।
মো. রাশিদুল হাসান রিন্টু নামে ওই নির্বাচনের এক প্রার্থী ওই রিট করেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।
মাসুদ রানা বলেন, নরসিংদী চেম্বারের নির্বাচন কমিশন নিজামুদ্দিন ভূঁইয়া লিটন ও আব্দুল মোমেন মোল্লা নামে দুই সদস্যের প্রার্থিতা বাতিল করে দেয়। এছাড়া মোমেন সরকার নামে অপর এক প্রার্থীর প্রার্থিতা বাতিলে রিটকারী কমিশনে আবেদন করেছিল।
“নির্বাচন আপিল বোর্ড এই তিনজনেরই প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন রিন্টু।”
মাসুদ রানা জানান, বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ অনুসারে দুটি চেম্বারে ভোটার হওয়া যায় না। কিন্তু এই তিনজনেই দুটি চেম্বারে ভোটার হয়েছেন।
আদালত শুনানির পর এই তিন ব্যক্তির প্রার্থিতা কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল দেয়।
চার সপ্তাহের মধ্যে আপিল বোর্ডের তিন সদস্য এবং সংশ্লিষ্ট তিন প্রার্থীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২৪ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠানে কথা ছিল।
