২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন মালিক দেলোয়ার ফের কারাগারে

এবার প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 05:02 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার আত্মসাতের মামলায় দেলোয়ার আদালতে হাজির হয়ে জামিন চাইলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৩ সালের ২২ ডিসেম্বর কেডিএস গ্রুপের চেয়ারম্যান শামীম ইকবালের পক্ষে কর্মকর্তা শিমুল সেন বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় ৪৪ লাখ ৪৩ হাজার ৭২০ টাকা আত্মসাতের অভিযোগে দেলোয়ারের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন।

বাদিপক্ষের আইনজীবী রণাঙ্গ বিকাশ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “দেলোয়ার হোসেন চট্টগ্রামের শিল্পগ্রুপ কেডিএসের কাছ থেকে ওই অর্থের সমপরিমাণ পণ্য কিনে পরিশোধ করেননি।”

আসামিপক্ষের আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, আসামির পক্ষে চেক জমা দিয়ে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করা হবে।

এর আগে এবছরের ৯ ফেব্রুয়ারি সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর দেলোয়ারকে কারাগারে পাঠায় আদালত।   

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।

ওই ঘটনার মামলায় গত বছরের ২২ ডিসেম্বর তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

তাতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ এবং ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়।

পরে গত ২৪ জুলাই হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর ৫ অগাস্ট কারাগার থেকে ছাড়া পান দেলোয়ার।

পুরনো খবর:

তোবা গ্রুপের মালিক দেলোয়ার কারামুক্ত
স্ত্রীসহ তাজরীন মালিক দেলোয়ার কারাগারে