২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন ‘অস্ত্র বিক্রেতা’ গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগ ও উত্তরা থেকে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের দাবি এরা অস্ত্র বিক্রেতা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, রোববার ভোরে উত্তরা থেকে এবং এক সপ্তাহ আগে হাজারীবাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মো. মশিউর রহমান ওরফে তোজাম্মেল, মো. জুয়েল রানা ও আল আমিন।

এদের মধ্যে জুয়েল ও আমিনকে ৭ ডিসেম্বর হাজারীবাগ থানাধীন ময়না মার্কেটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের কাছে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও কয়েকটি গুলি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করা হয় মশিউরকে।  

উপ-কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জুয়েল চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র বিক্রেতা। আল আমিনের নির্দেশে সে ঢাকায় অস্ত্র সরবরাহ করত।”

তিনজনের বিরুদ্ধে হাজারীবাগ ও উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা হয়েছে বলে জানান তিনি।