২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাঁড় ছাগল মোরগের লড়াই বন্ধে হাই কোর্টের রুল

সারাদেশে ষাঁড়, ছাগল ও মোরগের মতো প্রাণী দিয়ে লড়াইয়ের ‘বিনোদন’ বন্ধে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 03:21 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

রুলে সাধারণভাবে সারা দেশে এবং সুনির্দিষ্টভাবে সুনামগঞ্জে ষাঁড়ের লড়াই, ছাগলের লড়াই, মোরগের লড়াই এবং কুকুর নিধন বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসকসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে ‍রুলের জবাব দিতে বলা হয়েছে।

অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী এই রিটে আবেদন করেন।

সুনামগঞ্জের ছাতকে এ ধরনের লড়াই আয়োজনের ওপর আট সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

হাই কোর্টে আবেদনকারী নাদিয়া চৌধুরী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ বিশ্বাস।

আদেশের পর নাদিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষেধাজ্ঞাটি সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

“এটি একটি নিষ্ঠুর প্রক্রিয়া। এ ধরনের খেলায় নিরীহ প্রাণীদের অংশ নিতে আমরা বাধ্য করতে পারি না। বিশ্বজুড়ে প্রাণী অধিকার নিয়ে মানুষ সচেতন হচ্ছে। এ ধরনের খেলা বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে। আদালতের আদেশের মাধ্যমে বাংলাদেশেও বন্ধ হল।”

কুকুর নিধন বন্ধের আবেদনের বিষয়ে তিনি বলেন, জলাতঙ্ক নিয়ন্ত্রণে কুকুরের সংখ্যা কমানো কার্যকর কোনো পদ্ধতি না হলেও এ যুক্তিতেই নিষ্ঠুর এই কাজ করা হয়।

পুরনো খবর:

মোরগ লড়াইয়ের জন্য কাঠগড়ায় সাবেক প্রিন্সেস