ব্যাংকের সিঁড়িতে ১৮ লাখ টাকা ছিনতাই
রাজধানীর শ্যামপুরে জনতা ব্যাংকের সিঁড়িতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করে ১৮ লাখ টাকা ছিনতাই হয়েছে।
ওসি আবদুস সালাম বলেন, “সকালের দিকে বেক্সিমকো ফার্মার সুপারভাইজার হারুন উর রশিদের নেতৃত্বে তিন/চার জন টাকা জামা দিতে ওই ব্যাংকে যায়। এ সময় ব্যাংকের সিঁড়িতে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দেখিয়ে মারধর করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়।”
খিলগাঁওয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আধা ঘণ্টার মধ্যে নতুন এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গত ৭ ডিসেম্বর গোরানে মুদি দোকান কর্মচারী আব্দুস সালামকে (২৮) গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ওই ঘটনায় শনিবার রাত ১০টার দিকে চারজনকে অস্ত্রসহ ওয়ারীর হাটখোলা এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরা হলেন-মোশতাক, সোহেল ওরফে বানুটি সোহেল, রাসেল ও আরজু।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ওই চারজনের কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, কয়েকটি গুলি, ৪৫ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
উপ কমিশনার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মহানগর পুলিশের কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
