মনজুরের উদ্যোগ, ঝুলে যেতে পারে চট্টগ্রাম সিটি নির্বাচন
চট্টগ্রাম মহানগরীর আয়তন দ্বিগুণ করতে উদ্যোগী হয়েছে বর্তমান নগর প্রশাসন, যাতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঝুলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
সিটি কর্পোরেশন নির্বাচনের এক বছরের কম সময় আগে নেওয়া এই উদ্যোগে ভোট আটকে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই বলে বিএনপি সমর্থিত মেয়র এম মনজুর আলম দাবি করেছেন।
তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিভিন্ন আইনি জটিলতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আটকে যেতে পারে নির্বাচন।
সীমানা সংক্রান্ত জটিলতায় বিভিন্ন মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন একসময় ঝুলে গিয়েছিল। তারপর অন্য আরও জটিলতায় ওই নির্বাচন এখনও হয়নি।
চট্টগ্রামের বর্তমান সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জুলাইয়ে, সেক্ষেত্রে মে মাসের শেষ দিক থেকে জুনের প্রথম দিকটি ভোটের জন্য বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সীমানা দ্বিগুণের একটি প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আগেই পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তা অনুমোদনের জন্য সম্প্রতি তাগিদও দেওয়া হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ (সম্প্রতি বদলি হওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪১টি ওয়ার্ড নিয়ে বর্তমানে চট্টগ্রাম মহানগরীর আয়তন বর্তমানে ৬০ বর্গমাইল। সংলগ্ন কিছু ইউনিয়ন নিয়ে এ সীমানা দ্বিগুণ করে ১২০ বর্গমাইল করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
তিনি বলেন, “সম্প্রসারিত এ সীমানায় ওয়ার্ড বাড়বে ২০টি। সীমানা বাড়ানোর বিষয়ে সরকার উদ্যোগী হলে আগামী দেড় মাসেই মধ্যে তা সম্পন্ন করা সম্ভব হবে।”
এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে বন্দর নগরীর মেয়র মনজুর আলম বলেন, বিদ্যমান বাস্তবতায় চট্টগ্রাম মহানগরীর সীমানা সম্প্রসারণ প্রয়োজন।
“সুযোগ-সুবিধার জন্য নগরীর সবাই চাই, সীমানা বাড়ুক। এখানে কোনো রাজনীতি নেই, কোনো উদ্দেশ্যও নেই।”
তবে কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করতে বা নির্বাচনকে ঝুলিয়ে রাখতে এ উদ্যোগ নয় বলে দাবি করেন তিনি।
মনজুর আলম (ফাইল ছবি)
“নতুন কোনো তৎপরতা নয়, বরং কর্পোরেশনের সভার সিদ্ধান্তে নির্বাহী কর্মকর্তা এ সংক্রান্ত ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন সরকার চাইলে হবে, না হলে এখন আয়তন বাড়বে না। প্রয়োজনে ভোটের পরে হলেও সীমানা বাড়ানো যেতে পারে।”
আগামী নির্বাচনেও প্রার্থী হতে ইচ্ছুক বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “ভোট ঝুলে যাক, তা চাই না।”
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনকে সামনে রেখে চলমান ভোটার তালিকার হালনাগাদ শেষে অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিদ্যমান সীমানায় ভোটার তালিকা চূড়ান্ত হবে। যাতে যথাসময়ে তফসিল ঘোষণা করা যায় সে প্রস্তুতিও রয়েছে ইসির।
সিটি কর্পোরেশনের কর্মকর্তা আলী আহমদ জানান, “সীমানা বাড়লে সংক্ষুব্ধ অনেকেই আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ পাবে। এতেই শঙ্কা বাড়বে যথাসময়ে ভোট নিয়ে। তবে সরকার চাইলে ডিসেম্বরের মধ্যে সবকিছু গেজেট করে নিষ্পন্ন করাও সম্ভব।”
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন নতুন করে সীমানা বাড়লে তো আইনি জটিলতা হবেই।”
তবে সীমানা বাড়ানো বা না বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই।
“এটা স্থানীয় সরকারের বিষয়,” বলেন মোবারক।
সর্বশেষ ২০১০ সালের ১৭ জুন ভোটের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভা হয়েছিল ২৬ জুলাই।
তাই আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে উপযুক্ত দিন নির্ধারণ করে অন্তত ৪৫ দিন সময় রেখে তফসিল ঘোষণা দেবে ইসি।
নির্বাচনে মনজুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরেরও ভোটে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে।
তিন বার মেয়র নির্বাচিত হওয়ার পর সর্বশেষ ভোটে মনজুরের কাছে হেরে যাওয়া নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজে না বললেও ইচ্ছা তারও রয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন।
