জেলহত্যা নিয়ে শারমিন আহমদের নতুন বই
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা নিয়ে বই প্রকাশ করেছেন শারমিন আহমদ, যিনি ইতিহাসের নিষ্ঠুরতম ওই ঘটনায় নিহত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা।
‘৩ নভেম্বর জেলহত্যার পূর্বাপর’ শিরোনামের এই বইয়ে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত ওই হত্যাকাণ্ড এবং তার আগের ও পরের ঘটনাসমূহ ‘নির্মোহ’ দৃষ্টিতে তুলে আনার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন লেখিকা।
এই বই নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটে বসবাসরত শারমিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের নির্মম হত্যাকাণ্ড ঘটে।
“মানবতা লংঘনকারী ওই হত্যাকাণ্ডগুলো এমন এক সময়ের ইতিহাস যাকে দলমতের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠভাবে গবেষণা ও বিশ্লেষণ এবং তার থেকে শিক্ষা না নেবার বিষয়টিও ছিল এই বই লেখার অন্যতম কারণ।
“যে জন্যে আমরা আজও সত্যিকারের এক সভ্য রাষ্ট্ররূপে পরিগণিত হতে পারিনি, যে কারণে বাংলাদেশ আজও মানসিক স্বস্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা লাভ করেনি-সেই বিষয়গুলো নিয়ে নির্মোহভাবে এবং যুক্তি ও তথ্যের আলোকে মৌলিক গবেষণা আমাদের দেশে খুব কমই হয়েছে। আজকের প্রজন্ম যারা সেই সময়টি সম্বন্ধে জানে না বা তাদের সঠিকভাবে জানাতে ব্যর্থ হয়েছি, বিশেষত তাদের জন্যই সেই ইতিহাসের অতি সংক্ষিপ্ত এই বর্ণনা তুলে ধরা হল।”
বইটি প্রকাশ করেছে ‘ঐতিহ্য’ প্রকাশনা।এর দাম রাখা হয়েছে ৩০০ টাকা। বাংলাদেশে বিভিন্ন বইয়ের দোকানে ছাড়াও (http://boi24.com/products/3-november-jail-hottar-purbapor) ওয়েবসাইটে গিয়েও বইটি কেনা যাবে।
কয়েক মাস আগে ‘তাজউদ্দিন আহমদ: নেতা ও পিতা’ নামে শারমিন আহমদের একটি বই প্রকাশ হয়।
২০১৫ সালের শুরুতে ‘মুক্তির কাণ্ডারি তাজউদ্দিন: কন্যার অভিবাদন’ শিরোনামে তার আরেকটি বই বাজারে আসছে বলে জানিয়েছেন লেখিকা।
