২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিললো কঙ্কাল

রাজধানীর উত্তরায় নতুন ভবনের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি কঙ্কাল পাওয়া গেছে, যাকে হত্যা করে ওই স্থানে পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশ মনে করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:13 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

শুক্রবার দুপুরে উত্তরার পাঁচ নম্বর সেক্টরের চার নম্বর রোডের আটান্ন নম্বর প্লটের পাশের একটি খালি জায়গায় ভবন তৈরি করার জন্য  মাটি খুঁড়তে গিয়ে ওই ব্যক্তির কঙ্কাল পাওয়া যায় বলে উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “কঙ্কালটি এক থেকে দেড় বছরের পুরনো হবে। কঙ্কালের সাথে নীল জিন্স প্যান্ট এবং কালো জ্যাকেটের ছেঁড়া টুকরো পাওয়া গেছে।

“জিন্স প্যান্টের কারণে কঙ্কালটি কোন পুরুষের বলে ধারণা করা হচ্ছে। আর ডিএনএ পরীক্ষায় দক্ষ ব্যক্তির মতামতের ভিত্তিতে বয়স পঁয়ত্রিশ বছর বলে মনে করা হচ্ছে।”

ওসি রফিকুল বলেন, “নতুন ভবন করার জন্য আজ শ্রমিকরা মাটি খুঁড়তে গেলে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

ময়নাতদন্ত ও যাবতীয় পরীক্ষার জন্য কঙ্কালটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।