রাজধানীতে ১৯ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির ১৯ তলা থেকে পরে গিয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, গৃহকর্তা ও তার পরিবারের অনুপস্থিতিতে চুরি করে পালাতে গিয়ে ওই দুর্ঘটনার শিকার হয়েছেন চম্পা আক্তার (৩৫) নামের ওই গৃহকর্মী।
বুধবার গভীর রাতের এই ঘটনায় নিহত চম্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।
তিনি জানান, এক মাস আগে চম্পা কর্ণফুলী গার্ডেন সিটির ১৯ তলার ওই ফ্লাটে মিজানুর রহমান (৪০) নামের এক ঠিকাদারের বাড়িতে কাজ নেন। দুইদিন আগে মিজান তার স্ত্রী-সন্তানসহ ঢাকার ভেতরেই বেড়াতে যান। এসময় চম্পাকে ওই বাসার বাইরে থেকে তালাবদ্ধ করে যাওয়া হয়।
“বুধবার গভীর রাতে বটি দিয়ে জানালার কাঁচ ভেঙে শাড়ি ও দড়ি একসঙ্গে বেঁধে বাসার সোনার অলঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করেছিল চম্পা। নামার সময়ই দড়ি ছিঁড়ে নিচে পড়ে মারা যায় সে,” বলেন ওসি মশিউর।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মশিউর।
