পলাশবাড়ীতে পুলিশ-জামায়াত সংঘর্ষ, আহত ২০
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে আট পুলিশ সদস্যও রয়েছেন।
বৃহস্পতিবার এ সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ শটগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে সাত জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, বেলা ২টার দিকে উপজেলা সদরের মিতালী হোটেল এলাকা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে।
পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে ধাওয়া করে। এরপর পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন।
এ সময় দুপক্ষের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা উপজেলা সদরের অদুরে রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয়। সেখানেও পুলিশ মহাসড়ক থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও একাধিক বিস্ফোরণ ঘটায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭২ রাউন্ড শটগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ারশেল ছোড়ে।
সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবির কর্মীরা মহাসড়কে চলাচলরত অন্তত ১৫টি গাড়ি ভাংচুর করেন। ফলে দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি তিনি।
