জয়পুরহাটে ট্রেন থেকে পড়ে নিহত ৫
জয়পুরহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২৪ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত তিনজন হলেন জয়পুরহাট সদরের পুরানাপৈলের সাদেকুল, খঞ্জনপুরের আজাহার ও জুয়েল। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রেলওয়ের তিন নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া রেলওয়ে ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে একটি তেলবাহী ট্রেন (১৩ আপ) দিনাজপুরের দিকে যাচ্ছিল। স্বল্প আয়ের অনেক লোক ট্রেনের ছাদে উঠেছিলেন।
জয়পুরহাট স্টেশন পার হওয়ার পর পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় পৌঁছলে চালক আচমকা গতি কমান ট্রেনের।
এতে ছাদ থেকে তারা পড়ে এতে ঘটনাস্থলে একজন মারা যান। জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর চার জনের মৃত্যু হয়।
নুরুল ইসলাম আরও জানান, চোরাকারবারীরা ট্রেনের হোস পাইপ খুলে দেওয়ায় চালক ট্রেনটি থামিয়েছেন।
তিনি জানান, রেলওয়ের পশ্চিমাঞ্চলের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদারকে প্রধান করে রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সাময়িক বরখাস্ত তিন নিরাপত্তাকর্মীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
