কাজী গোলাম রসুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেওয়া ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ এবং পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কাজী গোলাম রসুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই বিচারক।
মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী সাবেক এই বিচারককে শেষবারের মতো দেখতে হাসপাতালে যান। সেখানে গোলাম রসুলের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কিছু সময় কাটান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রী প্রয়াত এই বিচারকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে কাজী গোলাম রসুল গত ২৭ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৯৮ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় ২০ আসামির ১৫ জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার তৎকালীন দায়রা জজ কাজী গোলাম রসুল।
