বিদ্যুতস্পৃষ্ট হয়ে কারারক্ষীর মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে গোসল শেষে ভেজা লুঙ্গি শুকানোর জন্য জিআই তারে দিতে গেলে রতন বিদ্যুতস্পৃষ্ট হন।
তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, রতনের মৃত্যু হয়েছে।
জেল সুপার বলেন, “সবাই ওই তারেই কাপড় শুকায়। কিন্তু আজ কোনোভাবে তারটির সঙ্গে বিদ্যুতের লাইন যুক্ত হয়েছে। বিষয়টি দেখতে হবে।”
রতনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
