২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ওষুধ কারখানা সিলগালা, মালিকের সাজা

নকল ওষুধ তৈরির অভিযোগে ফেনীতে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এছাড়া ওই কারখানার মালিককে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 10:10 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বুধবার শহরের তুলবাড়িয়ার আরামবাগ এলাকার মেসার্স ফ্যান্টাসি ফার্মাসিউটিক্যালসে (ইউনানি) অভিযান চালানো হয়।

দণ্ডিত কারখানা মালিক হলেন মোরশেদ আলম শান্ত (৪০)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, দুপুরে ফ্যান্টাসি ফার্মাসিউটিক্যালসের কারখানায় অভিযান চালায় র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন, সিহাব উদ্দিন ও র‌্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত এ সময় ওই প্রতিষ্ঠানে উৎপাদিত অনুমোদনহীন দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ক্যালসিয়াম, যৌন উত্তেজন, ভিটামিন ট্যাবলেট-ক্যাপসুল ও সিরাপসহ নানা ওষুধ জব্দ করে।

প্রতিষ্ঠানটিতে ইউনানি ওষুধ প্রস্তুতের লাইসেন্স থাকলেও জব্দ করা দেশি-বিদেশি ওষুধ তৈরির কোনো লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব ওষুধ ফেনীর প্রত্যন্ত অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো বলে তারা জানিয়েছে।

ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, নকল ওষুধ তৈরির দায়ে কারখানার মালিক শহরের রামপুর এলাকার হাজী সাইফুল্লাহর ছেলে মোরশেদ আলম শাওন দোষ স্বীকার করায় আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়ে ফেনী কারাগারে পাঠিয়ে দেয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে।