২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ গৃহবধূর মৃত্যু ১৯ দিন পর

কেরোসিনের আগুনে পুড়ে যাওয়া এক গৃহবধূ ১৯ দিন চিকিৎসায় থাকার পর মৃত্যুবরণ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 09:04 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে খাদিজা আক্তার সুমীর (২৩) মৃত্যু হয়।

ওই ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল আলম জানান, যৌতুক নিয়ে বিরোধের জেরে ২১ নভেম্বর দুপুরে টঙ্গীতে এক সন্তানের জননী খাদিজা আক্তার সুমীকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রথমে শ্বাসরোধ ও পরে শরীরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে।

আশঙ্কাজনক অবস্থায় উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সুমীর বড় ভাই ইউসুফ আলী পাঁচজনকে আসামি করে টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শাশুড়ি আয়েশা খাতুন (৫৫) ও স্বামীর বড় বোন পারভিন আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডের বাসিন্দা প্রয়াত শহর আলী ওরফে মজিবর রহমানের ছেলে স্বপন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী কসাইবাড়ি এলাকার প্রয়াত হোসেন আলী পালোয়ানের মেয়ে খাদিজা আক্তার সুমীর বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা সুমী ও তার পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে প্রায়ই সুমীকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

সম্প্রতি সুমীর বড় ভাই ইউসুফ আলী তার স্বামীকে ২ লাখ টাকা দিয়ে যান। আরও ৩ লাখ টাকার দাবিতে আবারও নির্যাতন শুরু করে তারা। কিন্তু সুমী আর টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২১ নভেম্বর সকাল ১০টায় স্বপন, তার মা আয়েশা খাতুন, বোন পারভীন, মামাতো ভাই সামছুল ও জিলানী মিলে সুমীকে বেদম মারধর করে। এক পর্যায়ে তারা খাদিজার গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় খাদিজা জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে শ্বশুড়বাড়ির লোকজন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।