২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে ধর্ষণ, ৬ দিন পর মামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণের ছয় দিন পর থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই তরুণী (২৬) বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মামলার নথি থেকে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শ্রীনগর উপজেলা পরিষদ থেকে পঞ্চাশ গজ দূরে ওই নারী (২৬) প্রতিবেশীর বাসার গৃহকর্তৃর সঙ্গে টিভি দেখছিলেন।

ওই সময় স্থানীয় দিপক মেম্বারের ছেলে জাকির হোসেন জ্যাকি (২৩), ফখরুল মিয়ার ছেলে বুলেট (২৫), চান্দু মন্ডলের ছেলে তাপস (২২), বলাই মন্ডলের ছেলে সম্রাট (২৪) ও অজ্ঞাত পরিচয় আরও দুজন মিলে তাকে টেনে হিঁচড়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে রাতভর ধর্ষণ করে।

শেষ রাতের দিকে মেয়েটিকে হত্যার হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

অভিযোগ বলা হয়, শনিবার সকালে মেয়েটি মিটফোর্ড হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে কেরাণীগঞ্জ গোলচত্ত্বর এলাকায় এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন।

কিছুটা সুস্থ হয়ে শ্রীনগরের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখান থেকে শ্রীনগর থানায় মামলা করতে যান।

স্থানীয়রা জানান, প্রায় ছয়মাস আগে মাওয়া এলাকার এক ট্রলি চালকের সঙ্গে তার বিয়ে হয়। দুই মাস আগে তারা ওই এলাকায় বাসাটি ভাড়া নেন। পরে মেয়েটি শ্রীনগর বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেন।

ঘটনার পর থেকে তার স্বামী আর তার সাথে কোন যোগাযোগ করছে না বলে মেয়েটি জানায়।

এলাকাবাসী আরও জানান, ঘটনার পরদিন শ্রীনগর জোনের ডিআইও শহিদুল ইসলাম, দিপক মেম্বার, মহিলা মেম্বার সাজেদা ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

তবে ডিআইও শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমানকে বিষয়টি জানান।

উপজেলা পরিষদ থেকে পঞ্চাশ গজের মধ্যে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে।