সন্ত্রাস নির্মূলে বাংলাদেশের প্রশংসায় প্রণব মুখার্জি
সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
একই সঙ্গে এই দুদেশের মধ্যের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ পৌঁছাতে শিগগিরিই সব অমীমাংসিত বিষয় সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লীতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি (ভারতের রাষ্ট্রপতি) ‘এই অঞ্চলে সন্ত্রাসবাদের মহামারী নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন’।
তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর দুদেশের সম্পর্কের উন্নতি হয়েছে।
জবাবে নতুন রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের রাষ্ট্রপতির প্রতি অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
এসময় তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে বর্তমান অত্যন্ত চমৎকার সম্পর্ককে তিনি আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
প্রণব মুখার্জী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চুক্তি সংসদে অচিরেই পাস হবে।
এসময় নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৮ ডিসেম্বর ভারত সফরে যাবেন।
