২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পার্লামেন্ট কমিটিতে রুশনারা

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির (ট্রেজারি সিলেক্ট কমিটি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 12:20 AM

Updated : 22 Aug 2022, 08:04 PM

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা লেবার পার্টির প্রতিনিধি হিসাবে সম্প্রতি ১৩ সদস্যের গুরুত্বপূর্ণ এই কমিটিতে যোগ দেন।

এইচএম ট্রেজারি, এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস এবং তার অধীনস্থ যাবতীয় সরকারি সংস্থা, ব্যাংক অব ইংল্যান্ড, ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটিসহ বিভিন্ন সংস্থা তথা ব্রিটেনের অর্থ সংক্রান্ত যাবতীয় বিষয় তদারকির দায়িত্ব এই কমিটির।

ট্রেজারি সিলেক্ট কমিটিতে রুশনারা আলীসহ লেবার পার্টির পাঁচজন এমপি রয়েছেন। বাকিদের মধ্যে কনজারভেটিভ পার্টির ছয়জন এবং লিবডেম ও স্কটিশ ন্যাশনাল পার্টির এক জন করে এমপি রয়েছেন।

গত ৮ ডিসেম্বর রুশনারা আলী প্রথমবারের মতো কমিটির বৈঠকে যোগ দেন। এটিএম মেশিন থেকে টাকা উত্তোলনের সময় দুই পাউন্ড চার্জ করা নিয়ে আলোচনা করেন তিনি।

বৈঠকে রুশনারা আলী এ সংক্রান্ত নতুন নিয়ন্ত্রক সংস্থার কাছে বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর মতো পিছিয়ে থাকা এলাকাগুলোতে দুই পাউন্ড চার্জ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, পশ্চিম লন্ডনের ধনাঢ্য স্লোয়ান স্কয়ার এলাকার ১৪ শতাংশ এটিএম অর্থ  উত্তোলনের জন্য ২ পাউন্ড চার্জ করে। অথচ হোয়াইটচ্যাপলের মতো দরিদ্র এলাকায় ৩৪ শতাংশ এটিএম অর্থাৎ প্রতি তিনটি মেশিনের একটিতে দুই পাউন্ড চার্জ করা হয়।

বৈঠক শেষে রুশনারা আলী বলেন, “অন্যান্য এলাকার বাসিন্দাদের মতো বেথনাল গ্রিন অ্যান্ড বো এলাকার বাসিন্দাদের অধিকার রয়েছে।

“এ ধরনের বৈষম্যমূলক আচরণ কেলেঙ্কারি এবং তা এদেশের লাখ লাখ মানুষের ওপর প্রভাব ফেলে। তাই এ ধরনের আচরণ বিনা চ্যালেঞ্জে যাওয়া উচিৎ নয়।”

তাকে ভোট দিয়ে ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত করায় দলীয় এমপিদের ধন্যবাদ জানান রুশনারা।

“সরকার এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলোকে জবাবদিহির মধ্যে রাখার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব,” বলেন তিনি।