লন্ডনে প্রেস মিনিস্টার নাদীম কাদির
সাংবাদিক নাদীম কাদিরকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার।
অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
নাদীম কাদির সর্বশেষ এশিয়ান টিভির বার্তা প্রধান ছিলেন। এর আগে আরটিভির পরিচালক ও এটিএন নিউজের এডিটর হিসাবে কাজ করেছেন তিনি।
এছাড়া বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে দুই বছরের জন্য ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুজাফ্ফর উদ্দিন আহম্মদকে পিআরএল বাতিল করে দুই বছরের জন্য বিটিভির পরিচালক (বিজ্ঞাপন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিটিভির অবসরপ্রাপ্ত কর্মকর্তা লায়লা আর্জুমান্দ বানুও পিআরএল বাতিলের শর্তে এক বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেনকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে দুই বছরের জন্য নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিমের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
