২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীর সন্তানের কোটার সুপারিশ

সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তানের মতো প্রতিবন্ধীদের সন্তানদের কোটা চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 07:57 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পুরনো খবর:

‘বোঝা নয়, ওদের সম্পদে পরিণত করতে হবে’

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য লুৎফা তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবন্ধীদের ভাতা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়। কমিটির আগামী বৈঠকে মন্ত্রণালয় এ বিষয়ে সরকারের অবস্থান জানাবে।”

সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের এ ধরনের কোটা সুবিধা রয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ১৭ লাখ ৮৫ হাজার ৬৯১ জন প্রতিবন্ধীকে চিহ্নিত করা হয়েছে। এর বাইরে ১৩ লাখ ৯৩ হাজার ৮৮৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসকের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

২০১৩-১৪ অর্থবছরে শুরু হওয়া জরিপের এই কাজে এখন পর্যন্ত বাদ পড়া প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করার কাজ চলছে।

এদিকে সংসদীয় কমিটির বৈঠকে শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট্রের আওতায় পরিচালিত মৈত্রী শিল্পের বকেয়া বেতন ভাতা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হাবিবে মিল্লাতকে আহ্বায়ক করে গঠিত উপ-কমিটির অন্য সদস্যরা হলেন আয়েশা ফেরদাউস ও লুৎফা তাহের।

কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, দেশের প্রতিবন্ধীদের মাধ্যমে মৈত্রী শিল্পের প্লাস্টিক কারখানায় নিত্য ব্যবহার্য জগ, মগ, বালতি-গামলাসহ প্রায় ৭০ ধরনের প্লাস্টিক সামগ্রী এবং বোতলজাত পানি উৎপাদন ও বিপণন করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা বাবদ ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে মোট ৬৩ লাখ ৪২ হাজার টাকা বকেয়া পড়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৈঠকে দেশের দুস্থ, দরিদ্র,এতিম, বয়স্ক, বিধবা,বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  বরাদ্দ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো.মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদস্য আয়েশা ফেরদাউস, হাবিবে মিল্লাত, আব্দুল মতিন ও লুৎফা তাহের অংশ নেন।