২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোঝা নয়, ওদের সম্পদে পরিণত করতে হবে’

প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে তাদের সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন একটি আলোচনা সভার বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 01:20 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সম্পদ হয়ে উঠবে যদি তাদের প্রয়োজনীয় সুযোগ দেওয়া যায়।”

নিজের প্রয়াত দুই প্রতিবন্ধী সন্তানের কথা তুলে ধরে তিনি বলেন, “প্রতিবন্ধীদের সেই সুযোগ করে দিতে হবে যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে পারে।”

এজন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে প্রতিবন্ধীদের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত ও আরো গতিশীল করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

২৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে  রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে আয়োজিত আট দিনব্যাপী মেলার ষষ্ঠ দিনের আলোচনায় অংশ নেন ফজলে রাব্বি মিয়া।

সোমবার বিকালে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য কবি কাজী রোজী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হোসেন মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন স্থানে প্রতিবন্ধী নারীদের ওপর সংঘটিত যৌন নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কাজী রোজী। এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্টিফেন হকিংয়ের প্রতিবন্ধিত্বের কথা তুলে ধরে রিয়াজুল হক বলেন, বিশ্বের সবচেয়ে বড় এই পদার্থ বিজ্ঞানী প্রতিবন্ধীদের সক্ষমতার দৃষ্টান্ত। সুযোগ পেলে তারাও সমাজ ও রাষ্ট্রে বিশেষ অবদান রাখতে পারে।

প্রতিবন্ধীদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মানবাধিকার কমিশনের এই সদস্য।

সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য যে কোটা চালু করা হয়েছে তা কর্পোরেট প্রতিষ্ঠানেও থাকা উচিত বলে মনে করেন তিনি।

রাষ্ট্রীয়ভাবে অভিভাবকহীন প্রতিবন্ধীদের দায়িত্ব নেওয়ার লক্ষ্যে গত বছর পাশ হওয়া একটি আইনের কথা তুলে ধরে যুগ্ম সচিব হোসেন মোল্লা বলেন, “আমি অনেক মা-বাবাকে বলতে শুনেছি, তারা ছাড়া তাদের প্রতিবন্ধী সন্তানের আর কেউ নেই। তাই তাদের মৃত্যুর আগে সন্তানের মৃত্যু কামনা করতেন তারা। কিন্তু এখন আর ওই দুর্ভাবনা থাকবে না-রাষ্ট্র প্রতিবন্ধীদের দায়িত্ব নেবে।”

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে গত ৩ ডিসেম্বর শুরু হওয়া এ মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের তৈরি বিভিন্ন গৃহস্থালি পণ্য, কারুপণ্য, প্রতিবন্ধীদের শিক্ষা ও সহায়ক উপকরণ নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো।

গ্রাম বিকাশ সহায়ক সংস্থা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিউটিফুল মাইন্ড, সুইড বাংলাদেশ, ধনবাড়ী প্রতিবন্ধী স্কুল, বাংলাদেশ প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সেন্টার ফর ডিজ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট বা সিডিডি, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন ও প্রয়াসসহ বিভিন্ন সংস্থার মোট ৩৫টি স্টল রয়েছে মেলায়।

“প্রতিবন্ধীদের পণ্য প্রদর্শন, বিপণন ও তাদের উৎসাহিত করতে; প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিলে তারা কতোটা সক্ষম তা তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে,” বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।

এরপর থেকে প্রতিবছর মেলা আয়োজনের ঘোষণা দিয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এমডি নূরুল কবীর বলেন, “প্রতিবন্ধী মানুষের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি একীভূত সমাজ নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রতিবছর প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষের এ মিলনমেলা হবে।”

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসেন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা। নাচ, গান ও কবিতা পাঠে মেলা চত্বর জমিয়ে রাখেন তারা।