২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের ওষুধ ‘চুরি’, আয়া আটক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ চুরির অভিযোগে এক আয়াকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 06:14 PM

Updated : 26 Jul 2022, 12:46 PM

পরে থানা থেকে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়িয়ে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায়।

মঙ্গলবার সকালে হাসিনা বেগম নামের ওই আয়া দুই ব্যাগ ওষুধসহ ধরা পড়েন বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, হাসিনা রাতের ডিউটি শেষে সকালে বাড়ি যাওয়ার সময় হাসপাতাল থেকে অন্তত ৫০ হাজার টাকা মূল্যের ওষুধ দুটি কাপড়ের ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তার ব্যাগ দুটিতে ওষুধ পেয়ে তাকে আটক করে এবং পুলিশে খবর দেয়।

চুরি করা ওষুধের মধ্যে ছিল দুই কার্টন ৫০০ মিলিগ্রাম সেফ্রাডিন ইনজেকশন, ২৫ প্যাকেট ওসারটিল ট্যাবলেট, দুই কার্টন ৫০০ এমজি জেসোক্যাল ট্যাবলেট ও দুইশ সিরিঞ্জসহ অন্যান্য ওষুধ।

পুলিশ হাসিনাকে থানায় নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজ জিম্মায় তাকে নিয়ে যায়।

কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিদার রসুল জানান, এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার শামিমুজ্জামান শামিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন হাতে এলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।