খালেদাকে দুদকের চ্যালেঞ্জ
দুর্নীতি দমন কমিশনকে নিয়ে যে কথা খালেদা জিয়া বলছেন, তা প্রমাণের চ্যালেঞ্জ জানালেন সাংবিধানিক এই প্রতিষ্ঠানের কমিশনার এম সাহাবুদ্দিন চুপ্পু।
দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কারও প্রতি কোনো ধরনের পক্ষপাত না দেখিয়ে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
দুদকের কয়েকটি মামলার আসামি খালেদা জিয়া এই কমিশনকে ‘দুর্নীতি করার কমিশন’ অভিহিত করে বলে আসছেন, এই কমিশন এখন বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা দেয়, মন্ত্রীদের দেয় দায়মুক্তি।
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় সাহাবুদ্দিন বলেন, “ইদানিং লক্ষ্য করছি একটি দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সমাবেশে দুদককে ব্যঙ্গ করে ‘দুর্নীতি কমিশন’, ‘দায়মুক্তি কমিশন’ বলছেন।
“আমি উনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই যে উনি এটা প্রমাণে ব্যর্থ হবেন।”
ভিত্তি না থাকায় খালেদা জিয়াকেও একটি মামলায় অব্যাহতি দেওয়ার নজির তুলে ধরে সাহাবুদ্দিন বলেন, “এই দুদক তো আপনাকেও ভৈরব সেতু মামলা থেকে অব্যাহতি দিয়েছে। সেই কথা কেন বলেন না? কেন বলেন না আপনি দুদক সঠিক পথেই আছে?”
দুদক কাউকে দায়মুক্তি দেয় না জানিয়ে তিনি বলেন, “দুদকের ডিকশেনারিতে দায়মুক্তি বলে কোনো শব্দ নেই। দায়মুক্তির ঘটনা বাংলাদেশে একটিই ঘটেছে। ১৯৭৫ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনি মোশতাক বঙ্গবন্ধূর খুনিদের দায়মুক্তি দিয়েছেন।”
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় দুদককে অকার্যকর রাখা হয়েছিল দাবি করে এই কমিশনার বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছে, তা সারা বিশ্ববাসী জানেন। ওই সময় আমরা চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি।
“আপনাদের আমলে তো দুদক কোনো কাজ করেনি, একটি মামলাও করেনি।”
‘ঘরের শত্রু বিভীষণ’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বৈশ্বিক দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করেছে, তাতে দেখা যায় যে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে।
টিআইবি ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে অগ্রহণযোগ্য বলেছিলেন সাহাবুদ্দিন।
সাহাবুদ্দিন চুপ্পু (ফাইল ছবি)
শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে তিনি বলেন, “সর্বক্ষেত্রে সাফল্য আছে, তা আমরা বলি না। তবে আমাদের সীমিত জনবলের মধ্যে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।”
বাংলাদেশে দুর্নীতির চিত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বক্তব্যের বিপরীত দাবি করে তিনি বলেন, “আমি নির্দ্বিধায় এবং নিঃসঙ্কোচে বলতে পারি যে প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে।”
“সুতরাং আমরা কি তাদের বলতে পারি না যে ঘরের শত্রু বিভীষণ,” টিআইবিকে ইঙ্গিত করে বলেন দুদক কমিশনার।
অনুষ্ঠানের প্রধান অতিথি আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজেদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে দাবি করলেও অপরাপর প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা দেয় তা পুরোপুরিই পারসেপশনভিত্তিক। তাদের রিপোর্টে কোনো তথ্য-উপাত্ত কিংবা ফ্যাক্ট থাকে না।”
এ প্রসঙ্গে ২০১০ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের উদাহরণ টেনে খায়রুল হক বলেন, “তখন আমি প্রধান বিচারপতি ছিলাম। ওই সময় টিআইবি প্রকাশ করল যে বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে। আমি তাদের কাছ থেকে রিপোর্ট এবং এর আনুষাঙ্গিক কাগজপত্র চেয়ে চিঠি দিলাম। এবং তাদের কাগজপত্র পড়ে দেখলাম কোনো ফ্যাক্ট নেই, ফাইন্ডিংস নেই।
“এরপর আমি যখন তাদের জিজ্ঞেস করলাম, কিসের ভিত্তিতে তারা বিচার বিভাগকে দুর্নীতির শীর্ষে দাবি করছে। তখন তারা বলল যে পারসেপশনের ভিত্তিতে তারা রিপোর্ট তৈরি করেছে।”
