টেকনাফে ‘মানব পাচারকারী’ স্বামী-স্ত্রী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মঙ্গলবার মানব পাচারকারী অভিযোগে এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একইদিন পৃথক আরেক অভিযানে বিজিবি ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
আটক শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৩৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (১৯) সাগর পথে মালয়েশিয়ায় মানবপাচারের শীর্ষ দালাল বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরে সাবরাং বিওপির বিজিবি সদস্যরা সাগর পথে মানব পাচারের শীর্ষ দালাল ও একাধিক মামলার পলাতক আসামি শাকের মিয়া ওরফে শাকের মাঝির বাড়িতে অভিযান চালায়।
একই সময়ে স্ত্রীসহ শাকেরকে আটক করা হয়।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়্যারড্রোব থেকে দেশে তৈরি একটি বন্দুক ও মিয়ানমার থেকে আনা বিয়ার উদ্ধার করে।
শাকের সাবরাং মুন্ডার ডেইল এলাকার কবির আহমদের ছেলে বলে জানান এই বিজবি কর্মকর্তা।
আবুজার আল জাহিদ আরও জানান, সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং লাফারগুনা এলাকায় এক কোটি ২০ লাখ টাকার মূল্যের ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
তিনি জানান, বিজিবির অভিযান চলাকালে এক পাচারকারী পানির ট্যাংকে ইয়াবা ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়।
