২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ছিনতাইকারীর গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে ছিনতাইকারীর গুলিতে আহত হওয়ার চার দিন পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্থানীয় এক ব্যবসায়ী, যিনি ওই এলাকার বিকাশ এজেন্ট ছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জণ দেব জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার শমরিতা হাসপাতালে এনামুলের মৃত্যু হয়।

এনামুল (৩২) পৌর শহরের কলেজ রোডের ‘ওয়াসিম টেলিকম’ এর মালিক। তার বাড়ি উপজেলার আইথর গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদপাড়ার শৈলচূড়া বিদ্যাপীঠ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এনামুল।

ছিনতাইকারীরা গুলি করে তার সঙ্গে থাকা ব্যাগের তিন লাখ টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।

স্বজনরা জানান, এনামুলের বাঁ হাতে চারটি, বুকের নিচের অংশে একটি এবং পেটের বাঁ পাশে একটি গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে তাকে ঢাকায় আনার পর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এ ঘটনায় এনামুলের ভাই কাদির গণি থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি অভি রঞ্জণ জানান, ছিনতাইয়ে জড়িত সন্দেহে সোমবার দুপুরে দুই যুবককে তারা গেপ্তার করেছেন।

এরা হলেন- সাউদপাড়া গ্রামের চয়ন (২২) ও টেংগুরী গ্রামের শামীম (২৩)।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পৌর শহরের ব্যবসায়ীরা মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।