সাজা খেটে দেশে ফিরেছে চার তরুণী
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে এক বছর সাজা খেটে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছে চার কিশোরী-তরুণী।
বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের হস্তান্তর করে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এই চারজন হলেন- লাবনী (১৮), সুবর্না (১৬), আমেনা (১৭) ও মাবিয়া (১৮)। তাদের বাড়ি নড়াইল ও সাতক্ষীরা জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা ওই চারজনকে ভারতে পাচার করে।
ভারতে গিয়ে কাজের সন্ধানে কলকাতার শিয়ালদা রেল স্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের এক বছর কারাদণ্ড দেয়। সাজা শেষে তাদের রাখা হয় কলকাতার ‘সংলাপ’ নামের একটি মানবাধিকার সংস্থার জিম্মায়।
অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া ‘বিশেষ পাসের’ মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ওসি রফিকুল জানান, চারজনকে রাতেই বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা ওই চারজনকে অভিভাবকদের কাছে পৌঁছে দেবে।
