২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় তুজাম হত্যা: ছাত্রলীগ নেতাসহ আসামি ১২

যশোরের শার্শায় সালিশে বাকবিতণ্ডার জেরে স্থানীয় যুবলীগ নেতা তুজাম আলীকে (৪০) হত্যার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 09:15 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পুরনো খবর:

শার্শায় সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু
শার্শায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ২

নিহতের বাবা সিরাজুল ইসলাম সোমবার শার্শা থানায় এই মামলা দায়ের করেন বলে ওসি শহিদার রহমান জানান।

নিহত তুজাম শার্শা সদর ইউনিয়ন যুবলীগ সদস্য ছিলেন। তার বাড়ি দক্ষিণ বুরুজবাগান এলাকায়।

এক নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে সালিশ চলাকালে রহিমের কর্মীদের সঙ্গে যুবলীগ নেতা তুজামের কথা কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের সমর্থকরা নাভারণ কামারবাড়ি মোড়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ কর্মী কবির ও তুজাম গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।

সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুজামের মৃত্যু হয় বলে ওসি শহিদার রহমান জানান।

তুজামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার সমর্থকরা নাভারন-সাতক্ষীরা সড়কের কামারবাড়ি মোড়ে সড়ক অবরোধ করে এবং উপজেলা ছাত্রলীগের নেতা রহিম, আব্দুল আজিজ ও শিশিরের বাড়ি জ্বালিয়ে দেয়।

পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

মঙ্গলবার নাভারনে পারিবারিক কবরস্থানে তুজামের লাশ দাফন করার কথা রয়েছে।

পরিস্থিতি সামল দিতে সোমবার থেকেই ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ওসি শহিদার রহমান জানান, তারা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।