শার্শায় সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু
যশোরের শার্শায় সালিশে বাকবিতণ্ডার জেরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে আহত এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত তুজাম আলী (৪০) শার্শা সদর ইউনিয়ন যুবলীগ সদস্য এবং দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শার্শা থানার ওসি শহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তুজাম।
"তুজামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার সমর্থকরা নাভারন-সাতক্ষীরা সড়কের কামারবাড়ি মোড়ে যান চলাচল বন্ধ করে দেয়।"
এরপর বিক্ষুব্ধরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিমের বাড়িতে ভাংচুর করে বলেও জানান ওসি।
তিনি বলেন, "এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।"
এক নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সালিশ চলাকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিমের কর্মীদের সঙ্গে যুবলীগ নেতা তুজামের কথা কাটাকাটি হয় এবং দুই পক্ষের সমর্থকরা নাভারণ কামারবাড়ি মোড়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ কর্মী কবির ও তুজাম গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
