২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদক রাখা ও ধূমপানের দায়ে ১৬ জনের সাজা

চট্টগ্রামে মাদকদ্রব্য রাখার দায়ে চার জনকে সাজা এবং ধূমপানের দায়ে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার চট্টগ্রাম জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এর মধ্যে কালুরঘাট এলাকায় গাঁজা ও ইয়াবাসহ ওমর ফারুক নামের একজন গ্রেপ্তার হওয়ায় তাকে মোট নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া নুর মোহাম্মদ নামের একজনকে গাঁজা রাখার অপরাধে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। কোতোয়ালী এলাকায় আধ কেজি গাঁজা রাখার অপরাধে মো. মিজানকে ছয় মাসের কারাদেণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ওসি মো. মহসীন জানান, চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে দুটি ইয়াবাসহ সজীব দাশকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেয়।

এদিকে চট্টগ্রাম জেলার প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির নেতৃত্বে নগরীর কদমতলী ও বিআরটিসি বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ধুমপানের অভিযোগে ১২ জনকে ৫০ থেকে সর্বোচ্চ তিনশ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

এদের মধ্যে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন।