২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপি কমিশনারের ঝাড়ুই অস্ত্র

যে ঝাড়ু নিয়ে বন্দর নগরীতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছিলেন, সেই ঝাড়ুতেই সব অপরাধ ঝেটিয়ে দূর করতে চান চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:11 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

সোমবার নগরীর বাকলিয়া থানায় ওপেন হাউস ডে ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ঝাড়ুকে ন্যায়দণ্ড উল্লেখ করে বলেন, “সমাজের প্রত্যেকটি মানুষের হাতে এই ঝাড়ু তুলে দিতে চাই। তাহলে সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর হবে।”

জলিল মণ্ডল বলেন, সমাজের ৯৫ শতাংশ মানুষ ভালো, বাকি ৫ শতাংশ খারাপ লোক।

“আমরা পুলিশ ও ভালো মানুষকে যদি এক করতে পারি, তাহলে ওই পাঁচ শতাংশ মানুষকে ঝেটিয়ে বিদায় করতে পারব।”

গত ২১ সেপ্টেম্বর সিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ২৪ অক্টোবর ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামেন জলিল মণ্ডল।

“এই ঝাড়ু নিয়ে আমরা শুধু রাস্তাই ঝাড় দিই না। ওই সমস্ত ৫ শতাংশ খারাপ মানুষের মাথায়ও ঝাড়ু দিই।”

ঝাড়ু হাতে নেওয়ার কারণ ব্যাখ্যা করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “পুলিশ লাঠি হাতে রাস্তায় নেমে বাঁশি দিলেই হকার, মাদকসেবীরা দৌড়ে পালাবে। আমি এই পুলিশিং করি না।

“কারণ আমার সরকার গণতান্ত্রিক সরকার। আমাকে শিক্ষা দিয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।”

তবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে ব্যর্থতার কথা স্বীকার করেন পুলিশ কমিশনার।

“আমি বিলবোর্ড সন্ত্রাসীদের সরাতে পারছি না। এটা করতে আমার প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা লাগে। আমি যদি পারতাম তাহলে ধাক্কা দিয়ে এগুলোও ফেলে দিতাম।”

খালেদাকে ইঙ্গিত করে পরামর্শ

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের সমালোচনার জবাবও দেন সরকারি এই কর্মকর্তা।

এই প্রসঙ্গে নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিরোধী দলের সহিংস আন্দোলনের সমালোচনাও উঠে আসে জলিল মণ্ডলের বক্তব্যে।   

তিনি বলেন, “দেশে এখন গণতান্ত্রিক সরকার। অনেক ঝড় ঝাপটা পেড়িয়ে একটা নির্বাচনের মাধ্যমে এ সরকারের যাত্রা শুরু। এ নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে। সব নির্বাচন নিয়ে বিতর্ক ছিল।”

“রাস্তা থেকে গায়ে হাত বুলিয়ে আমরা হকারদের তুলে দিই, ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি, সেখানেও বিতর্ক আছে।”

গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে দেওয়া, ট্রাকে আগুন দিয়ে গরু পুড়িয়ে দেওয়া গণতন্ত্রে নমুনা হতে পারে না, মন্তব্য করেন তিনি।

নির্বাচন পূর্ব সহিংসতায় ১৭ পুলিশ সদস্য নিহত হয়েছে জানিয়ে জলিল মণ্ডল বলেন, দুই থেকে তিনশ পুলিশ সদস্য এখনও আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের কেউ মাথায় বুলেট নিয়ে কেউ গায়ে খত নিয়ে ধুকে ধুকে জীবন পার করছে। অনেক সাধারণ মানুষ মারা গেছে।

“এই গণতন্ত্র যখন হুমকির মুখে পড়েছিল, তখন বাংলাদেশ পুলিশ গণতন্ত্র রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে একটা নির্বাচিত সরকার এদেশে বিরাজমান।”

বর্তমান সরকারকে কাজ করতে সময় দেওয়ার আহ্বান জানিয়ে খালেদাকে ইঙ্গিত করে জলিল মণ্ডল বলেন, “ধৈর্য ধরেন। নির্দিষ্ট একটি সময় পরপর নির্বাচন তো হবেই। সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে আপনি তো ক্ষমতায় আসবেন। আমরা আপনার নির্দেশমতো কাজ করব।”

টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানগুলো থেকে সমস্যা সমাধানের কোনো পথ বেরিয়ে আসবে না দাবি করে তা না শুনতে নগরবাসীকে পরামর্শ দেন পুলিশ কমিশনার।  

“বাকজীবীরা জ্ঞানপাপী। সেখানে গেলে তারা ২ হাজার টাকা পান। এসি গাড়িতে করে সেখানে গিয়ে বাক দিয়ে আসেন। তাদের কথাগুলো শুনবেন না। তারা ঝাড়ু হাতে আপনার-আমার মতো রাস্তায় আসবে না।”

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কামরুল আমীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) একেএম শহীদুর রহমান, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।

ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, একেএম জাফরুল ইসলাম, ইয়াছিন চৌধরী আসু, মো. তৈয়ব, সাহেদা কাশেম সাথীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।