পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে সমাবেশ
জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি পাঁচ বছর পর পর নতুন পে-স্কেল বাস্তবায়ন করার কথা। সে হিসেবে ২০১৪ সালের জুলাইয়ে আমাদের নতুন পে-স্কেল পাওয়ার কথা ছিল।
কিন্তু প্রধানমন্ত্রী পে-স্কেল বাস্তবায়নের কথা বললেও অথর্মন্ত্রী বলছেন ভিন্ন কথা।
স্থায়ী পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠন করে ২০১৪ সালের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়ন এবং ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা করে ১০টি গ্রেডে বেতন নির্ধারণ করার দাবি জানানো হয় সমাবেশে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ সমাবেশ করে ‘চট্টগ্রাম সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ’।
সংগঠনের সভাপতি মো. সহিদ উদ্দিন কামালের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী পরিষদ, বিদ্যুৎ শ্রমিক লীগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্মচারী পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
