২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদনমোহন কলেজে অধ্যক্ষের কক্ষে তালা

সিলেটের মদনমোহন কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর দাবিতে ছাত্রলীগ অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:24 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

এ ঘটনায় সোমবার সকাল থেকে কলেজের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ জানান, ডিগ্রি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফরম পূরণের টাকা অনলাইনে নেওয়া হলেও কলেজ গভর্নিং বডির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে কিছু গরীব মেধাবী শিক্ষার্থীর জন্য নিধারিত ফি আট হাজার ৫শ’ টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়।

“সকালে ছাত্রলীগকর্মী রুমেল এসে ফি আরো কমানোর দাবি জানিয়ে অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। ইতোমধ্যে এক হাজার ১শ’ শিক্ষার্থী ফরম পূরণ করে ফেলেছে। বাকি রয়েছে মাত্র ১৫০ জন। ফি কমানোর পরও আরও কমানোর দাবিতে ছাত্রলীগ কলেজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে,” অভিযোগ অধ্যক্ষের।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগকর্মী বলেন, কলেজের অধ্যক্ষ ছাত্রলীগকে সুবিধা না দিয়ে শিবির ও ছাত্রদলকে সুবিধা দিচ্ছেন। তাই তারা দাবি আদায়ে আন্দোলন করছেন।

তারা দলের বড়ভাইদের নির্দেশে তালা দিয়েছেন বলে জানান।

তবে, এ বিষয়ে ছাত্রলীগকর্মী রুমেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, অপ্রীতিকির ঘটনা এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার সহকারী কমিশনার সাজ্জাদুল হাসান।